বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের ‘সুবর্ণ সুযোগ’ অন্বেষণের আহ্বান জানিয়েছেন।
মেজর জেনারেল জিয়াউর রহমান গতকাল সোমবার চীনের নিংবো শহরে বেপজা এবং নিংবো ডাসি্যঁয়ে চেম্বার অব কমার্সের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘বেপজাধীন ইপিজেড এবং অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন।
বাংলাদেশের কৌশলগত অবস্থান এবং গতিশীল অর্থনীতির গুরুত্ব তুলে ধরে বেপজা নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগ স্থলে অবস্থিত, যা আঞ্চলিক এবং আন্তর্জাতিক বাজারে সহজ প্রবেশাধিকার প্রদান করে। আমাদের ১৮ কোটির বেশি জনসংখ্যা, যা প্রধানত তরুণ, শিক্ষিত এবং অত্যন্ত দক্ষ, এমন একটি শক্তিশালী শ্রমশক্তি নিশ্চিত করে, যা ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।’
তিনি আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগের মূল আকর্ষণ হলো এ দেশের সস্তা ও সহজে প্রশিক্ষণযোগ্য শ্রমশক্তি এবং শ্রমিকদের ন্যূনতম মজুরি, যা এশিয়ার মধ্যে সবচেয়ে কম। বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি সহায়ক পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশের বিনিয়োগ নীতিগুলো ক্রমাগত উদারীকরণ করা হয়েছে। তা ছাড়া, বেপজা প্রদত্ত ওয়ানস্টপ সার্ভিস ইপিজেডগুলোয় বিনিয়োগকারীদের জন্য শিল্প স্থাপন এবং পরিচালনা সহজ করেছে।
বেপজার ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে তিনি আরও বলেন, যার মধ্যে রয়েছে মিরসরাই, চট্টগ্রামে বেপজা অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন, যেখানে ইতিমধ্যে ৪১টি প্রতিষ্ঠান শিল্প স্থাপনের লক্ষ্যে বেপজার সঙ্গে চুক্তি সম্পাদন করেছে। এ ছাড়া, যশোর, পটুয়াখালী এবং গাইবান্ধায় তিনটি নতুন ইপিজেড স্থাপনের কাজও চলছে, যা ২০২৫ সালের শেষ নাগাদ বিনিয়োগের জন্য প্রস্তুত হবে। নিংবো ডাসি্যঁয়ে চেম্বার অব কমার্সের নির্বাহী পরিচালক মি. চাও চুইং চীন এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, চীন বাংলাদেশের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অংশীদার।
