গত তিন বছর ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করছেন মো. কাউছার। পেশায় তিনি হোটেল বাবুর্চি। দিনদিন তার কিডনি সমস্যা বেড়েই চলছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে কিডনি পাথর অপারেশন করানোর তারিখ ছিল। হতদরিদ্র কাউছার ধার দেনা করে ২ লাখ ৩০ হাজার টাকা জোগার করে। সোমবার রাতে টাকা গুলো ঘরে রেখে বের হয় কাউছার। তার কিছুক্ষণ পরেই পার্শ্ববতী একটি ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কাউছারসহ তার পাঁচ ভাইয়ের ঘরে। আগুনে পুড়ে যায় সবগুলো ঘর। বের করতে পারেনি নগদ টাকাসহ কোনো জিনিসপত্র। তার চোখের সামনে পুড়ে ছাই চিকিৎসার জন্য জমানো টাকা। এমন হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে সোমবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে কালিকাপুর গ্রামের আমির হোসেনের ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পাশাপাশি ঘর হওয়ায় মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও প্রবেশের রাস্তা সরু হওয়ায় এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিভাতে পারেনি। স্থানীয়রা শত চেষ্টা করেও আগুন নিভাতে ব্যর্থ হয়। মুহূর্তের মধ্যে পুড়ে যায় আলী আশ্রাফ, ইউসুফ মিয়া, আমির হোসেন, কাউছার আলম ও হাসানুজ্জামানের বসত ঘর।
আগুনের হাত থেকে রক্ষা পেতে হুড়াহুড়ি করে বের হওয়ার সময় টিনে কাটা গিয়ে ইসমাইল হোসেন ও আরমান মিয়া নামে দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আগুনে ৫ পরিবারের বসত ঘর সম্পূর্ণ পুড়ে যাওয়ায় খোলা আকাশের নীচে বসবাস করছেন ৫ পরিবারের ২৩ নারী-পুরুষ।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, আগুনের সূত্রপাত হওয়ার সাথে সাথে আমরা গ্রামবাসীরা পানি নিয়ে এগিয়ে যায় সময়মত ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে আসে। কিন্তু প্রবেশ পথ সরু হওয়ায় এবং ঘনবসতি হওয়ায় এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিভানো সম্ভব হয়নি। যার কারণে ৫টি ঘরই পুড়ে ছাই হয়ে যায়।
কিডনি আক্রান্ত রোগী কাউছার বলেন, আমি দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত। ১৯ ডিসম্বের ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে কিডনি পাথর অপারেশনের তারিখ ছিল। বিভিন্ন জন থেকে ধার-দেনা করে ২ লাখ ৩০ হাজার টাকা জমা করে টাকা গুলো ঘরে রাখি। সর্বনাশা আগুনে আমার চিকিৎসার টাকা সহ বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি কী দিয়ে চিকিৎসা করাবো?
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান সুজন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু ওই এলাকাটি ঘনবসতি এবং রাস্তা সরু হওয়ায় এবং পানি স্বল্পতার কারণে আগুন নিভাতে আমাদের বেগ পেতে হয়। তাই ঘরগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. রহমত উল্লাহ বলেন, আগুনে ৫টি ঘর পুড়ে যাওয়ার সংবাদ পেয়েছি। প্রকল্প কর্মকর্তাকে ক্ষতিগ্রস্থ পরিবারদের জন্য পর্যাপ্ত কম্বল পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছি। সরকারিভাবে আর্থিক সহায়তার চেষ্টা করা হচ্ছে।
স্ত্রী ও ভাইসহ সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
পরকীয়ায় ব্যর্থ হয়ে ভাবিকে ছুরিকাঘাতে হত্যা
সংবিধানে জাতির জনক, ৭ মার্চসহ বেশিরভাগ ধারা সংসদের জন্য রেখেছেন আদালত