তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেওয়া বিচারপতিকে গ্রেপ্তারের দাবি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২১ পিএম

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। খায়রুল হক অবসর জীবনে ভালো সুযোগ-সুবিধা ও পদায়নের আশায় শেখ হাসিনাকে খুশি করতে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দিয়েছিলেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলার নলডাঙ্গা উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার বলেন, শেখ হাসিনার কথায় প্রভাবিত হয়ে তিনি ২০১১ সালের ১০ মে দেওয়া সংক্ষিপ্ত রায় জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করে বেআইনিভাবে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্যই দেশে আওয়ামী লীগ এত সন্ত্রাস অরাজকতা করতে পেরেছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদী হয়ে ওঠে এবং দেশের ক্ষমতায় টিকে থাকার জন্য গণহত্যা চালায়। তাই আওয়ামী লীগের করা সকল অপরাধের জন্য বিচারপতি খায়রুল হকও সমানভাবে দায়ী। তাই তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবি।

তিনি বলেন, আওয়ামী লীগ আমাদের প্রিয় মাতৃভূমিকে অশান্ত করতে চায়, দেশে অশান্তি সৃষ্টি করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। ৫ আগস্টের পর থেকে দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীকে দেখা না গেলেও তারা ফেসবুকে সরব।

আত্মগোপনে আওয়ামী লীগ দেশকে অশান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের অফিশিয়াল দলীয় ফেসবুক পেজ থেকেও  প্রতিদিন নিয়ম করে দেশবিরোধী মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এ সব বিষয়ে সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে কঠোর ব্যবস্থা নেয়া জরুরি।

নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় স্থানীয় রামশার কাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর পৌর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক আল মামুন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ, ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির নেতা হাফিজুর রহমান ও শরিফুল ইসলাম বুলবুল প্রমুখ।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত