রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:২০ এএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকালে অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এর সামনের মহাসড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বরাবর স্মারকলিপি দেন তারা। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে নানা সেøাগান দেন।

জানা যায়, ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম হাসান তালুকদার ঘটনাস্থলে ছুটে যান। এ সময় শিক্ষার্থীরা তার মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বরাবর স্মারকলিপি দেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের এ যৌক্তিক দাবির সঙ্গে আমি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন একমত। ২২৫ একর নিজস্ব জমি থাকা সত্ত্বেও শুধু অর্থ বরাদ্দ না থাকায় গত সাত বছরেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও পাঠদান শুরু করা সম্ভব হয়নি। গত মাসেও তোমরা একই দাবিতে মানববন্ধন করেছো। অতি দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ উপাচার্যের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেন। এ সময় ঢাকা-পাবনা মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত