বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে হোটেল ম্যানেজার খুন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:২১ এএম

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিপুল মিয়া (৪২) নামে একটি আবাসিক হোটেলের ম্যানেজার খুন হয়েছেন। গত মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ওইদিন দুপুরে সানসাইন আবাসিক হোটেলের গেটে দুর্বৃত্তরা বিপুলের পেটে ও বুকে ছুরিকাঘাত করে।

নিহত বগুড়া শহরতলির মাটিডালী এলাকার সানসাইন আবাসিক হোটেলের ম্যানেজার ছিলেন। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা মিরারপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

পুলিশ জানায়, দুপুরে হোটেলের গেটে কয়েকজন যুবকের সঙ্গে বিপুলের তর্কবিতর্কের একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে বিপুল মারা যান।

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী আহত : মুন্সীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ইব্রাহিম হোসেন রিফাত (২৪) ছুরিকাঘাতে আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে পৌরসভার উত্তর ইসলামপুর ফরাজীবাড়ি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ছুরিকাঘাতে রিফাতের ডান হাতের রগ কেটে গেছে। রিফাত মুন্সীগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকার নয়ন হোসেনের ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত