বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু সুফিয়ান (শফিক) ও তার স্ত্রী লিপি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সুফিয়ান জুলাই গণহত্যার ১২ মামলার এজাহারনামীয় আসামি।
গতকাল বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে ওইদিন রাত ১০টায় জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সফিক ও তার স্ত্রী। তারা সদরের মানিকচক কদিমপাড়া এলাকার বাসিন্দা।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ও তার স্ত্রী জেলা পরিষদের সাবেক সদস্য মাহফুজা আক্তার লিপি ৫ আগস্ট সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় বগুড়া জেলা পুলিশের রিকুইজিশনের ভিত্তিতে তেজগাঁও ডিবি পুলিশ টিম অভিযান পরিচালনা করেন। অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বগুড়ায় আনতে রাতেই জেলা পুলিশের একটি টিম রওনা করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের বগুড়ায় আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, আবু সুফিয়ানের (শফিক) বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় জুলাই-আগস্টের একাধিক গণহত্যা মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। এছাড়া তার স্ত্রী মাহফুজা আক্তার লিপি বগুড়া সদর থানার বিস্ফোরক আইন মামলার এজাহার নামীয় আসামি।
সাদপন্থীদের আজীবন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল 