৫৪ রানে শেষ জিম্বাবুয়ে, আফগানদের রেকর্ডগড়া জয়

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬ পিএম

আফগানিস্তান যেন ধ্বংসাত্মক ঝড় তুলল জিম্বাবুয়ের মাটিতে। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২৩২ রানের বিশাল জয় তুলে নিয়ে নিজেদের ইতিহাসে ওয়ানডেতে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নতুন রেকর্ড গড়েছে দলটি। সেদিকউল্লাহ অটলের দুর্দান্ত সেঞ্চুরির সঙ্গে বোলারদের একতরফা দাপটে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ যেন মরুভূমির ধুলোর মতো উড়ে গেল।

গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৭ রানের জয় ছিল তাদের সর্বোচ্চ ব্যবধান। এবার সেদিকউল্লাহ অটলের অনবদ্য সেঞ্চুরির ওপর ভর করেই সেই রেকর্ড ভেঙেছে আফগানরা।

প্রথমে ব্যাট করতে নেমে সেদিকউল্লাহ (১০৪) ও আব্দুল মালিক (৮৪)-এর ১৯১ রানের উদ্বোধনী জুটিতে ভর করে ৬ উইকেটে ২৮৬ রান তোলে আফগানিস্তান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ব্যটিং বিপর্যয়ে জিম্বাবুয়ের ইনিংস গুঁড়িয়ে গেছে মাত্র ৫৪ রানে। জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডারে সবচেয়ে বড় ধস নামিয়েছেন আফগানিস্তানের দুই বোলার মোহাম্মদ গাজানফার ও নাভিদ জাদরান। দুজনই নিয়েছেন ৩টি করে উইকেট।

আর দুটি উইকেট পেয়েছেন ফজলহক ফারুকি। বাকি একটি উইকেট নিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ১৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন সিকান্দার রাজা। এর বাইরে দুই অঙ্কে যেতে পেরেছেন কেবল একজন ব্যাটার। ১৬ রান করে আউট হয়েছেন  শন উইলিয়ামস।

জিম্বাবুয়ে দলীয় ১১ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। সেখান থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। রাজা ও উইলিয়ামস পঞ্চম উইকেটে ২১ রানের জুটি গড়েন। উইলিয়ামস ফেরার পর আবারও শুরু হয় জিম্বাবুয়ের ব্যাটারদের আসা যাওয়া। তারা ১৭.৫ ওভারের মধ্যেই গুটিয়ে গেছে।

এর আগে এই ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার সেদিকউল্লাহ ও আব্দুল মালিক। দুজনে মিলে গড়েন ১৯১ রানের জুটি। মূলত এই জুটিতেই আফগানিস্তানের বড় সংগ্রহের স্বপ্ন দেখে। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ১০১ বলে ৮৪ রানের ইনিংস খেলেন মালিক।

এরপর দ্রুত আরও বেশ কয়েকটি উইকেট হারায় আফগানরা। ওমরজাই ৫ ও ১ রান করে ফিরে যান রহমত শাহ। সেদিকউল্লাহ আউট হয়ে যান ১২৮ বলে ১০৪ রানের ইনিংস খেলে। ৪টি ছক্কা ও ৮টি চারে নিজের এই ইনিংস সাজিয়েছেন আফগানিস্তানের এই ওপেনার।

শেষদিকে অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি ও মোহাম্মদ নবি মিলে আফগানিস্তানের সংগ্রহ তিনশত কাছাকাছি নিয়ে যনা। শহীদি অপরাজিত থাকেন ২৯ রান করে। নবি শেষ দিকে ১৯ রান নিয়ে ফিরেছেন। ৫ রান এসেছেন ইকরাম আলীখিলের ব্যাট থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত