গণআন্দোলনে হত্যার বিচার চাইলেন সারজিস আলম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০২:০০ পিএম

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, বর্তমান সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে জুলাই গণআন্দোলনে নিহত শহীদদের হত্যাকারীদের বিচার করতে না পারা।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, জুলাই আগস্ট বিপ্লবে নিজেদের কর্মকাণ্ডের কারণে পুলিশ ইমেজ সংকটে রয়েছে। নিজেদের সুনামের সঙ্গে কাজ করে সেই ইমেজ ফিরিয়ে আনতে হবে। আন্দোলনে যারা রাজপথে শহীদ হয়েছেন তাদের হত্যার বিচার করতে হবে।

তিনি বলেন, পুলিশ চাইলে সবকিছু করা সম্ভব। তাদের প্রভাব মাঠপর্যায়ে সবচাইতে বেশি। বাংলাদেশ সেনাবাহিনী কিছুদিনের জন্য সহযোগিতার জন্য এসেছে, আবার চলে যাবে। পুরো বাংলাদেশে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ যে ভূমিকা পালন করতে পারে আর কেউ সেটা পারে না। যাদের কাছে প্রত্যাশা সবচেয়ে বেশি, তাদের কাছেই চাওয়াগুলো বেশি হয়। আমরা এখনো আপনাদের প্রতি আস্থা হারায়নি। আমরা আস্থাটা রাখতে চাই, পারব কিনা সেটা আপনাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে।

তিনি আরও বলেন, আমরা চাই, আমাদের শহীদ পরিবার যারা রয়েছে- একটা জায়গা থেকে তাদের দায়িত্ব নেওয়াটা খুব টাফ (কঠিন)। আমরা তাও চেষ্টা করছি। কিন্তু প্রত্যেক জেলা যে সব শহীদ পরিবার রয়েছে, আহত যোদ্ধারা রয়েছে—জেলা প্রশাসন এবং পুলিশসহ অন্যান্য স্টেক হোল্ডাররা মিলে যদি তাদের দায়িত্ব আমরা ভাগ করে নিই, আমাদের জন্য তা সহজ হয়ে যায়। তাদের যোগ্যতা অনুযায়ী শহীদ পরিবার থেকে একজন করে হলেও চাকরির ব্যবস্থা করি আমাদের দায়িত্বগুলো সহজ হয়ে যায়। আপনাদের অনুরোধ করব, আপনাদের কাজের মধ্য দিয়ে আপনারা তাদের পাশে থাকবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত