নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ডোবা থেকে এক বাকপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দুপ্তারা ইউনিয়নের হাটখোলা এলাকা থেকে লাশটি উদ্ধার করে আড়াইহাজার থানা পুলিশ। স্থানীদের ধারণা, অপ্রয়োজনীয় বোতল বা কাগজ কুড়াতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
নিহত প্রতিবন্ধী যুবকের নাম আবুল কাশেম (২০)। তিনি ওই ইউনিয়নের সত্যভান্দি মোল্লাপাড়া এলাকার জিন্নাত আলীর ছেলে। তাদের নিজস্ব কোনো জমি ও বাড়িঘর ছিল না। সত্যভান্দি মোল্লাপাড়ার কালিবাড়ি ব্রিজের নিচে আন্ডারগ্রাউন্ডে বাকপ্রতিবন্ধী ছেলেকে নিয়ে তিনি রাত্রিযাপন করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার বিকেলে হাটখোলা বেপারি পাড়া সুতার ববিন মিলের পশ্চিম পাশে ডোবায় একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে আড়াইহাজার থানা পুলিশকে খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল আসেন। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ ডোবা থেকে লাশ উত্তোলন করেন। এরপর নিহতের স্বজনরা ও প্রতিবেশীরা মরদেহের পরিচয় শনাক্ত করে।
নিহতের বাবা জিন্নাত আলী জানান, শুক্রবার দুপুরের খাবার শেষ করে বাড়ি থেকে বের হয় আবুল কাশেম। পরে এলাকার লোকজন তাকে ছেলের মৃত্যুর খবর দেয়।
আড়াইহাজার থানার ওসি মো. এনায়েত হোসেন জানান, স্থানীয় লোকজন ধারণা করছে, রাস্তার পাশে ডোবার মধ্যে কোনো অপ্রয়োজনীয় বোতল বা কাগজ কুড়াতে গিয়ে বাকপ্রতিবন্ধী আবুল কাশেম ডোবায় পড়ে। তখন তিনি মারা যেতে পারেন। তবুও মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
