পায়ে পিষে মরল ৩৫ শিশু

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ এএম

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি শহরে ক্রিসমাস ফানফেয়ারে পদদলিত হয়ে ৩৫ শিশুর প্রাণ গেছে। স্থানীয় সময় গত বুধবার দুপুরে ইবাদান শহরের একটি ইসলামিক হাই স্কুলে ‘এন্ড অব দ্য ইয়ার ক্রিসমাস ফানফেয়ার’ শীর্ষক অনুষ্ঠানস্থলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলেছে, আয়োজকরা নগদ অর্থ বিতরণ ও খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এত বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হয়েছিল যে ভেতরে ঢোকার মরিয়া চেষ্টায় এই পদদলনের ঘটনা ঘটে।

ভুক্তভোগী কয়েকজন অভিভাবক সাংবাদিকদের বলেছেন, অনুষ্ঠান শুরুর ৫ ঘণ্টা আগে বুধবার ভোর ৫টার দিকে সন্তানদের নিয়ে তারা অনুষ্ঠানস্থলে জড়ো হয়েছিলেন। তারা অর্থ ও খাবার পাওয়ার আশায় সেখানে গিয়েছিলেন। কারণ আয়োজকরা পাঁচ হাজার শিশুকে পাঁচ হাজার নায়রা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের বিনামূল্যে খাবার দেওয়ার কথাও বলা হয়েছিল।

ওই অনুষ্ঠানের মূল আয়োজক নাওমি সিলেকুনোলাসহ আটজনকে তারা গ্রেপ্তার করেছে। নাওমি ইবাদান শহরের একজন সুপরিচিত ব্যক্তি।

এদিকে সন্তানদের হদিস নিয়ে উদ্বিগ্ন অভিভাবকদের শহরের বিভিন্ন হাসপাতালে খোঁজ নিতে বলেছে কর্তৃপক্ষ। সন্তান হারানো মা-বাবাদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে প্রেসিডেন্ট বোলা টিনুবু ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিবিসি লিখেছে, এক প্রজন্মের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে নাইজেরিয়া। তারই প্রতিফলন ঘটেছে এমন অনুষ্ঠানে ১০ সহস্রাধিক মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে। এ বছর এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। গত মার্চে রাজধানী আবুজার কাছে কেফির নাসারাওয়া স্টেট ইউনিভার্সিটিতে রাজ্য গভর্নরের চাল বিতরণ কর্মসূচিতে পদদলিত হয়ে দুই ছাত্রী মারা যান। ওই ঘটনায় অন্তত ২৩ জন আহত হন। তিন দিন বাদে দেশটির উত্তরাঞ্চলীয় বাউচিতা রাজ্যে এক সমাজসেবী ও ব্যবসায়ীর পাঁচ হাজার নায়রা বিতরণের সময় সংঘর্ষে অন্তত সাতজন নিহত হন। এর আগে ফেব্রুয়ারিতে লাগোসে জব্দ করা চালের বস্তা কাস্টমস সার্ভিস নিলামে তুললে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত