বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা দুর্দিনে দলের কাজ করেছেন, দলের সঙ্গে ছিলেন তারাই সামনের কাতারে থেকে নেতৃত্ব দেবেন। কাজেই দুর্দিনের কর্মীদের আমরা ভুলব না। যারা এখন আসবেন তারা দুর্দিনের কর্মীদের পেছনে থাকার চেষ্টা করবেন। দলের মধ্যে কখনোই বিভেদ তৈরি করার কাজে লিপ্ত হবেন না। সবাইকে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে।
তিনি শুক্রবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যায় বিএনপি নেতা ও দাইন্যা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান শহীদ রফিকুল ইসলাম ফারুকের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। ফারুক স্মৃতি সংসদের সভাপতি আবুল কালাম আজাদ মাস্টারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, শহীদ ফারুকের ভাই দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম লাবু।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক, বিএনপি নেতা শফিকুর রহমান খান, অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, সাবেক ছাত্রদল নেতা নুরুল ইসলাম প্রমুখ।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, ‘গত স্বৈরাচারের শাসনামলে যারা গণহত্যা চালিয়েছে, যারা আলেম ওলামাদের হত্যা করেছে প্রত্যেকটির বিচার বাংলার মাটিতে আল্লাহর রহমতে হবে।’
তিনি আরও বলেন, ‘শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে। দলের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। সবাই ঐক্যবদ্ধ থাকলে বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না।’
বিএনপি নেতা ও দাইন্যা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুককে ১১ বছর আগে সন্ত্রাসীরা শহরে নৃশংসভাবে হত্যা করে।
