ইয়েমেন থেকে ইসরায়েলের তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৪

  • শনিবার ভোরে তেল আবিবের জাফা এলাকায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে
  • ইসরায়েলের অ্যাম্বুলেন্স সংস্থা বলেছে, হামলায় কমপক্ষে ১৪ জন আহত
  • হামলার পর এলাকাবাসীকে নিরাপদে থাকার নির্দেশ ইসরায়েলি পুলিশের
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ এএম

ইয়েমেন থেকে ইসরায়েলের তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের একটি পার্কে আঘাত হানে, এতে ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনীও জানিয়েছে যে তারা শনিবার ভোরে ইয়েমেন থেকে উৎক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে তেল আবিব শহরের জাফা এলাকায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।  

আজ শনিবার পৃথক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল–জাজিরা ও রয়টার্স।

ইসরায়েলের মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সংস্থা বলেছে, হামলায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। স্বাস্থ্যকর্মীরা বলেছেন, কেউই গুরুতর আহত হননি। ভাঙা কাচের আঘাতে অনেকে আহত হয়েছেন।

তবে ফিলিস্তিনের শেহাব ও কুদস সংবাদ সংস্থা জানিয়েছে যে, ইয়েমেনের এই ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১১ জন আহত হয়েছেন।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের আকাশ সীমায় প্রবেশ করলে সাইরেন বেজে উঠে। কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ঠেকাতে ব্যর্থ হয়।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তারা তেল আবিবের জাফা এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পেয়েছে। হামলাস্থলে পুলিশ ও বোমাবিশেষজ্ঞ দল কাজ করছে। এলাকাবাসীকে নিরাপদে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার ইয়েমেনের ‘সামরিক স্থাপনায়’ হামলা চালানোর কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাল্টা হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত