১২০ করতে গিয়ে ৮১ রানেই গুটিয়ে গেল খুলনা, ফাইনালে মেট্রো

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৮ পিএম

লক্ষ্যটা ছিল নাগালের মধ্যে। ১২০ রানের মামুলি লক্ষ্য তাড়ায় নেমে সেটাও করতে পারেনি খুলনা বিভাগ। গুটিয়ে গেছে মাত্র ৮১ রানে। সহজ ম্যাচটা কঠিন করে হেরে বিদায় নিয়েছে এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসর থেকে। দ্বিতীয় কোয়ালিফায়ারে ৩৮ রানে জিতে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা মেট্রো।

খুলনাকে মূলত জিততে দেননি মোসাদ্দেক হোসেন সৈকত। মাত্রই লঙ্কা টি-টেন লিগ জিতে এসেছেন তিনি। ব্যাট হাতে তেমন কিছু করতে না পালেও বল হাতে দ্যুতি ছড়িয়েছেন। মাত্র ২.৪ ওভার বল করে ১৩ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন তিনি। নিয়েছেন এনামুল হক বিজয়, পারভেজ জীবন ও মাসুম খান টুটুলের উইকেট। খুলনার হয়ে সর্বোচ্চ ২২ রান করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ১৮ বলে তার ইনিংসটি সাজানো ছিল ২ চার ও ১ ছক্কায়। এছাড়া ৩ চারে ১৫ বলে ১৬ রান করেন বিজয়।

মেট্রোর হয়ে মোসাদ্দেক ৩ উইকেট ছাড়াও রাকিবুল হাসানের ঝুলিতে গেছে ২ উইকেট। মাত্র ১৬ রান খরচার সঙ্গে আছে একটি মেইডেন। এছাড়া ২০ রানে ২ উইকেট নিয়েছেন মারুফ মৃধাও। একটি করে উইকেট নিয়েছেন আলিস আল ইসলাম ও শহিদুল ইসলাম।

এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ঢাকা মেট্রো করে ১১৯ রান। অধিনায়ক নাইম শেখ এক প্রান্ত আগলে রেখে ৫৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৭ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আসে পেসার শহিদুল ইসলামের ব্যাটে। খুলনার হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন মাসুম খান টুটুল, পারভেজ জীবন ও মেহেদি হাসান রানা। ছুটি শেষে মাঠে ফেরা মোস্তাফিজুর রহমান ৩৫ রান খরচায় নিয়েছেন ১ উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত