উইন্ডিজে সিরিজ জয়কে ‘ফ্লুক’ বলছেন বাবু

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের ৩-০ ব্যবধানে সিরিজ জয় নিঃসন্দেহে দেশের ক্রিকেট ইতিহাসে একটি স্মরণীয় অর্জন। তবে এই সাফল্য কতটা স্থায়ী, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে অন্যতম পারফরমার আলাউদ্দিন বাবু। তার মতে, বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট এখনও বড় দলগুলোর স্তরে পৌঁছায়নি। জাতীয় দলকে প্রস্তুতির মঞ্চ হিসেবে আরও শক্তিশালী ঘরোয়া কাঠামোর প্রয়োজন বলে মনে করেন তিনি।

আলাউদ্দিন বর্তমানে জাতীয় লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে রংপুরের হয়ে দুর্দান্ত খেলছেন। ৮ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। তার অসাধারণ পারফরম্যান্সে রংপুর ফাইনালে পৌঁছেছে। তবে আন্তর্জাতিক পর্যায়ের সাফল্যের পেছনে ঘরোয়া ক্রিকেটের অবদান নিয়ে বাস্তবতা তুলে ধরেছেন তিনি।

আলাউদ্দিন বলেন, ‘টি-টোয়েন্টিতে আমাদের উন্নতির অভাব স্পষ্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় আমাদের বড় অর্জন, কিন্তু সেটি ধারাবাহিক নয়। বড় দলগুলোর সঙ্গে খেলতে গেলে আমরা এখনও সমস্যায় পড়ি। কারণ, আমাদের সেই অভ্যাস নেই। আপনি এটাকে ফ্লুক বলতে পারেন, কারণ এটি নিয়মিত নয়।’

তিনি মনে করেন, ঘরোয়া ক্রিকেটে আরও বেশি প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন হলে জাতীয় দল আরও শক্তিশালী হতে পারত।

বাংলাদেশের ক্রিকেটারদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভালো করতে হলে ঘরোয়া ক্রিকেটের পরিধি আরও বাড়ানো জরুরি বলে মনে করেন এই অলরাউন্ডার, ‘আমাদের দেশে শুধু বিপিএলই একমাত্র বড় টুর্নামেন্ট। সেখানে চারজন বিদেশি খেলেন। কিন্তু জাতীয় দলে তো সবাই দেশি ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে যদি মানসম্পন্ন প্রতিযোগিতা থাকত, তবে আন্তর্জাতিক ম্যাচে মানিয়ে নিতে আমাদের এত সমস্যা হতো না।’

আলাউদ্দিন বলেন, ‘জাতীয় লিগে টি-টোয়েন্টি ম্যাচগুলো এখন প্রোফাইলে যাবে। এটি ভালো দিক। কিন্তু যদি আরও আগে থেকে এমন টুর্নামেন্ট থাকত, তাহলে আমরা উইকেটের বৈচিত্র্য বুঝতে শিখতাম। জানতাম কীভাবে বড় স্কোর তাড়া করতে হয় বা চাপ সামলাতে হয়। এখন অনেক সময় ১০৬ রান তাড়া করতেও সমস্যা হয়, আবার কেউ ২০৬ রান সহজে পেরিয়ে যায়।’

বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য প্রমাণ করে যে সামর্থ্য রয়েছে, তবে সেটিকে ধারাবাহিক করতে হলে ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন অপরিহার্য। আলাউদ্দিনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা যে বাস্তবতাটি তুলে ধরেছেন, তা শুধুমাত্র আলোচনা নয়, কার্যকর উদ্যোগের মাধ্যমেই সমাধান সম্ভব।

বাংলাদেশের টি-টোয়েন্টি ভবিষ্যৎ যে এখনো প্রস্তুতির অপেক্ষায়, সেটাই মনে করিয়ে দিলেন আলাউদ্দিন বাবু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত