রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ও তার বাহিনীর অত্যাচার নির্যাতন থেকে বাঁচতে এলাকাবাসী মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল রবিবার সকালে মির্জাপুর উপজেলার গোড়াই-সখীপুর রোড-সংলগ্ন সৈয়দপুর এলাকায় এ মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। এ সময় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ভুক্তভোগীরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গোড়াই-সখীপুর ঢাকা রোড-সংলগ্ন ৭০ শতাংশ জমি বিদ্যালয় ও সরকারি খাস খতিয়ানভুক্ত। আজগানা ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সহসভাপতি জিহক খান রুদ্র, আওয়ামী লীগ নেতা আনোয়ার মাস্টারসহ কিছু প্রভাবশালী ব্যক্তি বিদ্যালয়ের ও খাস ২৪ শতাংশ জমি দীর্ঘদিন ধরে দখল করে পাকা ভবন নির্মাণ এবং রাস্তা বন্ধ করে দেন। সম্প্রতি রুদ্র খান ও তার সন্ত্রাসী বাহিনী রাতের আধারে রাস্তা দখল করে দোকান নির্মাণ করছে।

এ ব্যাপারে অভিযুক্ত ছাত্রলীগ নেতা রুদ্র বলেন, ‘বিদ্যালয়ের পাশে আমাদের জমি রয়েছে। আমরা বিদ্যালয় বা সরকারি জমি দখল ও রাস্তা বন্ধ করিনি। আমাদের জমি ভুলক্রমে সরকারের নামে রেকর্ডভুক্ত হয়েছে। আমরা আদালতে রেকর্ড সংশোধনের জন্য আবেদন করেছি।’ এ ছাড়া তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না বেগম বলেন, ‘এলাকার একটি প্রভাবশালী মহল বিদ্যালয়ের জমি ও রাস্তা দখল করে রেখেছে। জমি ও রাস্তা দখলমুক্ত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছি।’

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান বলেন, ভূমি অফিস থেকে জমি পরিমাপ করে সাইনবোর্ড নির্মাণ ও অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। যদি স্থাপনা না ভেঙে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত