চাঁদা না দেওয়ায় শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের সিড্যা আমিন বাজারে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারীর ব্যবসা প্রতিষ্ঠান দেড় বছর তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক রাব্বি আমিনের বিরুদ্ধে।
গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সিড্যা আমিন বাজারে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফারুক হোসেন বাবুল এ অভিযোগ করেন।
ফারুক হোসেন বাবুল বলেন, ‘আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। কাগজপত্র যাচাই-বাছাই করে সিড্যা আমিন বাজারে দুটি দোকান কিনেছি। দোকান কেনার পরে নামজারি করি। সব কিছু বৈধ থাকার পরেও ডামুড্যা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রাব্বি আমিনÑ দুই ভাই মিলে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় জোর করে তারা আমার দোকান দেড় বছর যাবৎ তালাবদ্ধ করে রেখেছে। দোকানের তালা খুলতে গিয়ে কয়েকবার বাধা ও হুমকির মুখে পড়তে হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ সরকারের পতনের আগে বিভিন্ন সময় থানায় অভিযোগ করতে গেলে আমাদের অভিযোগ গ্রহণ করেনি। পরিবর্তিত পরিস্থিতিতে আমি আবার থানায় অভিযোগ দিতে যাব। আমি যেন দোকান খুলে বৈধভাবে ব্যবসা করতে পারি বা ভাড়া দিতে পারি প্রশাসন ও প্রধান উপদেষ্টার কাছে এ দাবি আমার।’
এ ব্যাপারে রাব্বি আমিন বলেন, ‘ওই দোকানঘরের ভিটা আমার দাদা তার বন্ধু মেছের আলী মৃধাকে দিয়েছিল। পরে মেছের আলীর কাছ থেকে ১২ লাখ টাকা দিয়ে ফারুক হোসেন বাবুল দোকান কিনেছে। কিন্তু সেই দোকানের ভেতরে আমাদের জমি আছে। তাই দোকান বন্ধ করে রাখা হয়েছিল।
ডামুড্যার ইউএনওর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত শরীয়তপুর সদর উপজেলার ইউএনও মো. মাইনউদ্দিন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। লিখিতভাবে আমাকে জানালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
