রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এ হাজির করে আবেদন করা হলে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
এর আগে গত ৬ অক্টোবর ঢাকায় গ্রেপ্তার হন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ। তাকে রাজশাহী জেলা ও মহানগরের সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, আদালতে আসাদের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালতের বিচারক ফয়সাল তারেক এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
