নড়িয়ায় সাবেক ওসিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ এএম

শরীয়তপুরের নড়িয়ায় চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে সাবেক ওসি, এসআইসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক বিএনপি নেতা। গত রবিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নড়িয়া আমলি আদালতে মামলাটি করেন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর।

মামলার আসামিরা হলেন নড়িয়া থানা পুলিশের সাবেক ওসি অবনী শংকর কর (৫৫), সাবেক এসআই হায়দার আলী (৪০), উপজেলার সুরেশ^র এলাকার মৃত হেলাল খানের ছেলে সুজন খান (৪৫) এবং একই এলাকার মৃত জাফর খানের ছেলে ফারুক খান (৬০)। এর মধ্যে অবনী শংকর কর বর্তমানে আর্ম পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত।

মামলার এজাহার ও অভিযোগ সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলা বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর ২০২১ সালে ঘড়িসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ছিলেন। নির্বাচনে অংশ নেওয়ার কারণে অভিযুক্তরা তাকে নির্যাতন ও চাঁদা দাবি করেন।

ঘটনার চার বছর পর মামলা করার কারণ সম্পর্কে জানতে চাইলে মামলার বাদী মতিউর রহমান সাগর বলেন, ‘১৭ বছর দেশে কোনো আইনের শাসন ছিল না। এখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, এজন্য আমি মামলাটি করেছি।’

মামলার বিষয়ে জানতে চাইলে নড়িয়া থানা পুলিশের সাবেক ওসি অবনী শংকর কর বলেন, ‘আগের কোনো ক্ষোভ থেকে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।’

শরীয়তপুর আদালতের পরিদর্শক শিমুল বলেন, ‘দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত