চাঁদা না পেয়ে জামায়াত নেতার ওপর হামলা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৭ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদা না পেয়ে জামায়াতে ইসলামীর এক নেতার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার গভীর রাতে উপজেলার পৌরসভার ডেবার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের যুব বিভাগের সভাপতির পদে রয়েছেন।

আহত আবুল কালাম আজাদ জানান, রাতে পৌরসভার হাসান গোমস্তা এলাকায় তার ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। এ সময় স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ আলীর ছোট ভাই জাফরসহ কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত এসে তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। এতে রাজি না হলে লোহার রড দিয়ে পিটিয়ে তাকে আহত করা হয়। পরে ডেবার পার এলাকার ঘাটের কাছে নিয়ে গিয়ে তার ডান পা ও ডান হাত কুপিয়ে ক্ষতবিক্ষত করে। একপর্যায়ে মৃত ভেবে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।

এ ব্যাপারে অভিযুক্ত জাফরের মোবাইল ফোনে কল দিলেও তিনি ধরেননি। সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, ‘হামলায় এক জামায়াত নেতা আহত হয়েছেন বলে শুনেছি।  অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’   

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত