রাজশাহীর সাবেক এমপি ডা. মনসুরের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ পিএম

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ডা. মনসুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয় বহির্ভূত ৩ কোটি ৬০ লাখ ৩৪ হাজার ৪৯২ টাকা অর্জনের অভিযোগে মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মাইন উদ্দিন বাদী হয়ে রাজশাহী মহানগর স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করেন।

দুদকের অভিযোগে বলা হয়েছে ডা. মনসুর রহমান ২০১৮ সাল থেকে ২০২৪ পর্যন্ত সময়ে অবৈধ উপায়ে এসব অর্থ উপার্জন করেন। এই সময়ে ডা. মনসুর রহমান তার নামের তিনটি ব্যাংক হিসাবে মোট ২৭টি জমা ভাউচারের মাধ্যমে অসঙ্গিপূর্ণভাবে ১০ লাখ টাকা বা ততোধিক বেশি পরিমাণ অর্থ বিভিন্ন সময় জমা ও স্থানান্তর করেন। এভাবে বিভিন্ন সময়ে তিনি মোট ৬ কোটি ১০ লাখ টাকা ব্যাংক হিসাবে জমা ও স্থানান্তর করেছেন। তিনি এসব অর্থ কীভাবে কোন উৎস থেকে উপার্জন করেছেন তার কোন সূত্র উল্লেখ করা হয়নি।

এর আগে , দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি টিম ডা. মনুসর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আসার পর প্রাথমিক অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধানে তার বিপুল অবৈধ সম্পদের তথ্য পায় দুর্নীতি দমন কমিশন। পরে অনুমোদন সাপেক্ষে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাইনউদ্দিন জানান, প্রাথমিক তদন্ত অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় ডা. মনসুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি এখন তদন্ত করা হবে।  

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ডা. মনসুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে চারটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় তিনি পলাতক আছেন। সংসদ সদস্য হওয়ার আগে তিনি রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক ছিলেন। তার বিরুদ্ধে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জনবল নিয়োগ ছাড়াও টিআর কাবিখার বরাদ্দ বিক্রির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত