খেলার মাঠের বদলে আবাসিকে বাণিজ্য মেলা, প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:১৫ পিএম

সুনামগঞ্জের পৌর শহরের ষোলঘর স্টেডিয়াম খেলার মাঠে বাণিজ্য মেলা বন্ধ দাবিতে মানববন্ধন করেছেন জেলার আইনজীবীরা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সামনে জেলা আইনজীবী ও বৃহত্তর ষোলঘর এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার আইনজীবীরা ও পৌরসভার বিভিন্ন এলাকার ক্রীড়াপ্রেমী সচেতন নাগরিকগণ অংশগ্রহণ করেন।

অ্যাডভোকেট জিয়াউর রহমান পীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল মজাদ চৌধুরী, অ্যাডভোকেট মতিয়া বেগম, অ্যাডভোকেট মাসুদুল হক সুমেল প্রমুখ।

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু বলেন, বাণিজ্য মেলার কারণে রোগীর সমস্যা হয়। নামাজ-রোজা সব কিছু থেকে ব্যঘাত ঘটে, বাচ্চাদের খেলাধুলা বন্ধ হয়ে যায়, রাস্তায় জ্যাম থাকে এলাকার পরিবেশ থাকে না। আমরা জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছি, ষোলঘর মাঠে মেলা বন্ধ করে শহরের বাহিরে কোথায় মেলা করার জন্য। আমরা দেখছি সারা বাংলাদেশে বাণিজ্য মেলা শহরের বাহিরে করা হয় কিন্তু আমাদের সুনামগঞ্জ এমনিতেই ছোট একটি শহর। এর মধ্যেই কেন একটি আবাসিক এলাকায় মেলা করতে হবে? একটি আবাসিক এলাকায় মেলা না করার আইন থাকার পরও সুনামগঞ্জে মেলার অনুমতি দেওয়া হলো?

মানববন্ধনে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল মজাদ চৌধুরী বলেন, প্রতিবছর বাণিজ্য মেলার নামে মাঠ বন্ধ করে মেলা আয়োজন করে গান বাজনাসহ সার্কাসের মহড়া মাধ্যমে এলাকার পরিবেশ বিনষ্ট করা হয়। দীর্ঘ সময় মেলার মাঠ বন্ধ থাকায় খেলাধুলা থেকে বঞ্চিত হন এলাকার ক্রীড়ামোদীরা। খেলার মাঠে মেলা আয়োজনে কোনও বিধিবিধান না থাকলেও অর্থনৈতিক সুবিধার মাধ্যমে প্রতিবছরই মেলার অনুমোদন দেওয়া হয়। এই মাঠের পাশে স্কুল, মাদরাসা, মসজিদ একটি আবাসিক এলাকা, এখানে মেলা কোনোভাবেই কাম্য নয়।

এ সময় বক্তারা আরও বলেন শিশু-কিশোরদের মেধা বিকাশের স্বার্থে বাণিজ্য মেলার মাঠ অন্যত্র স্থানান্তরের দাবি তুলেন তারা৷ এলাকায়বাসীর দাবি উপেক্ষা করে মেলা আয়োজন করলে সাধারণ মানুষদের সাথে নিয়ে কঠোর আন্দোলনের পাশাপাশি আইনী লড়াইয়ের হুশিয়ারি প্রদান করেন সংশ্লিষ্টরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত