ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অষ্টমবারের মতো তিন দিনব্যাপী নন-ফিকশন বইমেলা-২০২৪ শুরু হচ্ছে আজ শনিবার। চলবে সোমবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে বণিক বার্তা ও ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ যৌথভাবে এ মেলার আয়োজন করছে।
গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মেলার উদ্বোধন করবেন। সম্মানিত অতিথি থাকবেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক। সোমবার বেলা ৩টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম সংবাদ সম্মেলনে বলেন, এ বছর ৩৯টি প্রকাশনা ও গবেষণা সংস্থা মেলায় অংশ নিয়েছে। দর্শকরা প্রকাশনীগুলোর স্টল থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কিনতে পারবেন। বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
