গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:২০ পিএম

বগুড়ায় গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে সাঈদ (৩৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন। 

এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ায় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাঈদ ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। তার অটো ভ্যান ও রিকশার গ্যারেজের ব্যবসা ছিল। সম্প্রতি তিনি জমি কেনাবেচা ও বালুর ব্যবসাও করতেন। 

এ ব্যাপারে নিহত সাঈদের ভাই রিপন বলেন, শুক্রবার রাত ১২টার পর কে বা কারা তার ভাইকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন বলেন, হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত