২৩৭ রানে গোটালো পাকিস্তান, প্রোটিয়াদের লক্ষ্য ১৪৮

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:০৬ পিএম

আর একটি জয় পেলেই এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনাল খেলা নিশ্চিত হবে দক্ষিণ আফ্রিকা। আর সেই জয় পেতে করতে হবে ১৪৮ রান। সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৩৭ রানে অলআউট হয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে প্রোটিয়াদের লিড ছিল ৯০ রানের।

সেঞ্চুরিয়নের সবুজ উইকেটে দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেননি পাকিস্তানি ব্যাটসম্যানরা। এক প্রান্তে সৌদ শাকিল লড়াই করে খেলেছেন ১১৩ বলে ৮৪ রানের ইনিংস। বাবর আজমের ব্যাটে এসেছে ৫০ রান। এছাড়া শান মাসুদ ২৮ ও সাইম আইয়ুব ২৭ রান করেন।

৬ উইকেট শিকার করেছেন মার্কো ইয়ানসেন। টেস্টে এটি তার তৃতীয়বার পাঁচ উইকেট শিকারের ঘটনা। এছাড়া কাগিসো রাবাদা ২টি উইকেট নেন। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া ডেন প্যাটারসন ও ৪ উইকেট নেওয়া অভিষিক্ত করবিন বোশ এই ইনিংসে পান একটি করে উইকেট। 

লক্ষ্য তাড়ায় নেমে ১৯ রানেই ৩ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। সাজঘরে ফিরে গেছেন টনি ডি জর্জি, রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবস। আলো স্বল্পতায় দিনের খেলা থামার আগে দক্ষিণ আফ্রিকার রান ৩ উইকেট ২৭। জয় থেকে তারা আর ১২১ রান দূরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত