২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্র্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। গতকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত দ্বাদশ অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেলাফত মজলিসের আমির বলেন, ‘চূড়ান্ত বিজয় এখনো আসেনি। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত করতে আমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে। সব ধরনের দুর্নীতি, জুলুম ও অবিচার মূলোৎপাটনে আমূল সংস্কার প্রয়োজন।’
অন্তর্র্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘সংস্কার কমিশনগুলোর কার্যকারিতা আরও দৃশ্যমান করুন। প্রশাসনিক সংস্কারসহ সব সংস্কারে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মতামতে প্রাধান্য দিন। বিশেষ করে শিক্ষা ও সংবিধান সংস্কার কমিশনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিন। এখানে ইসলামবিরোধী কোনো অপতৎপরতা মেনে নেওয়া হবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করান। বিডিআর হত্যাকা-, শাপলা চত্বর গণহত্যাসহ সব মানবতাবিরোধী অপরাধের বিচার ত্বরান্বিত করুন। পাচারকৃত সব অর্থ ফিরিয়ে আনুন। ডলারের তুলনায় টাকার অবমূল্যায়ন কমিয়ে আনুন।’
জাতীয় অধিবেশনে অংশ নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘হাজারো আলেমকে বিগত ফ্যাসিস্ট সরকার হামলা-মামলা দিয়ে নির্যাতন চালিয়েছে। বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করেছে। শাপলা চত্বরে আলেমদের হত্যা করেছে। সবাইকে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘বিগত ১৬ বছর আমরা দুঃসময় পার করেছি, আমাদের কেউ বাড়িতে ভালোভাবে ঘুমাতে পারেনি। হামলা-মামলার শিকার হয়ে পালিয়ে বেড়াতে হয়েছে।’ এ সময় জাতীয়তাবাদী ও ইসলামি শক্তির সমন্বয়ে আগামী দিনে বিএনপি জাতীয় সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী ও অধ্যাপক আবদুল জলিলের পরিচালনায় অধিবেশনে আরও বক্তব্য দেন দলের প্রতিষ্ঠাকালীন মহাসচিব অধ্যক্ষ মাসউদ খান, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা ঈসা শাহেদী, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম জাগপা সহসভাপতি রাশেদ প্রধান, নেজামে ইসলামী পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।
