পার্বত্য উপদেষ্টা বললেন

পাহাড়ে ভূমি কমিশন কার্যকরে চেষ্টা করা হচ্ছে

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ এএম

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘তিন পার্বত্য জেলার মানুষের একটাই দাবি এখন ভূমি কমিশন। আমরা এ কমিশন কার্যকর করার চেষ্টা করছি।’ গতকাল শনিবার সকালে বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন,  ভূমি মন্ত্রণালয় থেকে এরই মধ্যে আইন মন্ত্রণালয়ে কমিশনে জনবল নিয়োগ দেওয়ার চিঠি দেওয়া হয়েছে। আমরা এ কমিশনকে পুনরুজ্জীবিত করতে চাই। শুধু তিন পার্বত্য জেলায় নয় সারা দেশে ভূমিসংক্রান্ত গোলমাল রয়েছে।

এ সময় পার্বত্য উপদেষ্টা পাহাড়ের সব সম্প্রদায়ের জন্য সরকারি সব সুযোগ-সুবিধা ন্যায্যতার ভিত্তিতে প্রদান করা এবং মানসম্মত শিক্ষা ও উন্নয়ন অব্যাহত রাখার আশাবাদও ব্যক্ত করেন।

এ দিন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ১ কোটি টাকা ব্যয়ে বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ৫ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের উদ্বোধন করেন পার্বত্য উপদেষ্টা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত