সড়কে চলছেই মৃত্যুর মিছিল। প্রতিদিনই সড়কের কান্নায় ভারী হচ্ছে বাতাস। গতকাল রবিবারও বিভিন্ন পেশার ১২ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন শিক্ষক, প্রকৌশলী, নারী ও তরুণী। এসব ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত ১০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রবিবার সকালে জামালপুরে এক শিক্ষক দম্পতি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে স্বামী প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে রয়েছেন স্ত্রী। ওই শিক্ষক ৪০তম বিসিএস শিক্ষা ক্যাডারের সুপারিশ প্রাপ্ত।
গতকাল দুপুরে নরসিংদীর বেলাবতে মোটরসাইকেল ও মাহেন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক প্রকৌশলী নিহত হয়েছেন। তিনি অফিসের কাজে বেরিয়েছিলেন। শেরপুরে যাত্রীবাহী বাস ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশায় থাকা চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরও দুজন।
বিকেলে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় অ্যাম্বুলেন্স-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলেয়া খাতুন (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। চট্টগ্রামের সীতাকু-ে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন। গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসচাপায় এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। তার নাম সাইফুল ইসলাম ফারুক (৫৪)। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
জামালপুরে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে : জামালপুরের সদর উপজেলায় এক শিক্ষক দম্পতি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে স্বামী প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার সকালে জামালপুর সদর উপজেলার মহেশপুর কালীবাড়ি এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষকের নাম রাজু আহমেদ। তিনি ৪০তম বিসিএস শিক্ষা ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়ে জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজ শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। আহত স্ত্রী সাদিয়া আক্তার। তিনি জামালপুর পৌর শহরের বেলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘নিহত রাজু আহমেদ নিজবাড়ি থেকে বিকেলে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন। জামালপুর-ময়মনসিংহ সড়কের ঘুরে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের পেছনে আসন থেকে স্ত্রী সাদিয়া আক্তার পড়ে যান। এ সময় পেছন দিকে তাকাতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে মাথায় প্রচ- আঘাত লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে দুজনকে বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক রাজু আহমেদকে মৃত ঘোষণা করেন।
নরসিংদীতে প্রকৌশলী নিহত : নরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় উপজেলা প্রকৌশলী অফিসের উপসহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। তার নাম মো. ফয়সাল মোল্লা (৩১)। গতকাল দুপুরে বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ^র গ্রামের চানু মিয়ার বাড়ি-সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের ফারুক মোল্লার ছেলে।
জানা যায়, ফয়সাল মোল্লা অফিসিয়াল কাজে মোটরসাইকেলে বটেশ^র গ্রামে যাচ্ছিলেন। বটেশ^র গ্রামের চানু মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রকৌশলী ফয়সাল রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা আহতাবস্থায় তাকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মমতাজ সরকার বলেন, আমাদের হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয়। সম্ভবত ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।
বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, উপসহকারী প্রকৌশলী নিহতের ঘটনায় বেলাব থানায় মামলার প্রস্তুতি চলছে। মাহেন্দ্রটি জব্দ করা হলেও চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।
শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ : শেরপুরে যাত্রীবাহী বাস ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরও দুজন। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর সদর থানার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকার জোড়া পাম্প-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেনÑ অটোরিকশা চালক লোকমান হোসেন (৩৮) অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেছুর রহমান (৭৮), তার স্ত্রী উম্মে কুলসুম (৬৫), কামরুজ্জামান বাবু (২৮), তার ছোট বোন মাইশা তাসলিমা মীম (২২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রিফাত পরিবহন শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোড়া পাম্প এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে অটোরিকশা চালকসহ ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। এ সময় স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অন্যজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্স-সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত ১ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় অ্যাম্বুলেন্স-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলেয়া খাতুন (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় উভয় যানের চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বিকেল ৫টায় মহাসড়কের ঢাকাগামী লেনের মেঘনা টোল প্লাজার ওপর এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মহাসড়কের ঢাকাগামী লেনে দ্রুত গতিতে একটি অ্যাম্বুলেন্স যাওয়ার সময় উল্টো পথ দিয়ে আসা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সিএনজিতে থাকা এক নারী যাত্রীর মৃত্যু হয়।
ঘটনাস্থলে থাকা ইমন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, অ্যাম্বুলেন্সটি দ্রুতগতিতে যাওয়ার পথে সিএনজিটি উল্টোপথে আসার সময়ে মুখোমুখি সংঘর্ষ হয়।
সীতাকু-ে ৩ জন নিহত : চট্টগ্রামের সীতাকু-ে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন। গতকাল রবিবার উপজেলার এস কে এম জুট মিল, বগুলা বাজার ও শীতলপুরে এসব দুর্ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার বাড়বকু- ইউনিয়নের এস কে এম জুট মিল গেট এলাকার মহাসড়কে ধানমাড়াইয়ের একটি মেশিনকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এ ঘটনায় ধানমাড়াই মেশিনের ওপরে থাকা দুজন শ্রমিক ঘটনাস্থলে নিহত হন। নিহতরা হলেনÑ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার হাঁপানিয়া গ্রামের মোহাম্মদ খোকন (৩০) ও নেত্রকোনা সদর উপজেলার মোহাম্মদ রানা (৩৫)। এ ঘটনায় আরও তিন শ্রমিক আহত হন।
বিকেল ৪টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরের বগুলা বাজার এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. তাইজুদ্দিন (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ভোলা জেলা সদরের দক্ষিণ বালিয়া গ্রামের মোফাজ্জল হোসেন মাস্টারের ছেলে।
বিকেল ৩টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় একটি দ্রুতগামী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
গাজীপুরের প্রধান শিক্ষক নিহত : গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসচাপায় এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। তার নাম সাইফুল ইসলাম ফারুক (৫৪)। গতকাল রবিবার দুপুরে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ধলাগড় ব্রিজের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। তিনি পাঁচুয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
জানা যায়, সাইফুল ইসলাম ফারুক পাঁচুয়া উচ্চবিদ্যালয় থেকে মোটরসাইকেল চালিয়ে কাপাসিয়া সদরের বাসায় ফিরছিলেন। বিকেল ৩টার দিকে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ধলাগড় ব্রিজের দক্ষিণে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।
