ব্যাংক কর্মীকে অপহরণ করে ২৮ লাখ টাকা লুট, গ্রেপ্তার ১১

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৬:২০ পিএম

র‌্যাবের পোশাক পরে ডাচ বাংলা ব্যাংকের উল্লাপাড়া এজেন্ট শাখার সাড়ে ২৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রোবাস, লুট করা কিছু টাকা, এক জোড়া হ্যান্ডকাপ, একটি খেলনা পিস্তল ও চার্জারসহ দুটি ওয়াকিটকি, ১৭টি মোবাইল ফোন জব্দ করা হয়। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় এজেন্ট শাখার কর্মী মামুনুর রশিদ ও জোনায়েদ রহমান মিরাজ সাড়ে ২৮ লাখ টাকা একটি ব্যাগে নিয়ে মোটরসাইকেলে করে লাহিড়ী মোহনপুর শাখায় নিয়ে যাচ্ছিলেন। সরকারি আকবর আলী কলেজের পাশে ডাকাতদল তাদের গতিরোধ করে। এসময় টাকাসহ তাদেরকে গাড়িতে তুলে নিয়ে যায় ডাকাতরা। পরে রাত ১০টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়ার হাটিকুমরুলের অদূরে হাত-পা চোখ বেঁধে দুই ব্যাংক কর্মীকে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জানান, গোয়েন্দা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে বিভিন্ন জেলা থেকে ডাকাতদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাতিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে জীবন পারভেজ রেজা (৪৭), একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে বাচ্চু মিয়া (৪৭), একই গ্রামের মৃত তুফান মণ্ডলের ছেলে রবিউল করিম (৪৫), মৌলভীবাজারের রাজনগর থানার করতল গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে আফজল মিয়া উজ্জল (৪০), ঝালকাঠি জেলার নলছিড়ি থানার জুরকাঠি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. জয় (৪০), চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সাতবাড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে সুমন মিয়া (৪০), শেরপুরের শ্রীরবদি থানার ধাতুয়া গ্রামের মৃত সৈয়াদুল রহমানের ছেলে মো. সুমন (৪৭), পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বড়মাছুয়া গ্রামের হোসেন আলীর ছেলে শাহাদত হোসেন (৫৫), জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মানিকপাড়ার মৃত আনারুলের ছেলে মো. আপেল (৩৬), পাবনা জেলার চাটমোহর থানার নবীন পূর্বপাড়া গ্রামের মৃত আবুর হোসেন সরদারের ছেলে শহিদুল ইসলাম (৪৪) ও চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভুটাল হাজিবাড়ি গ্রামের আব্দুল রহিমের ছেলে মোস্তফা কামাল জয় (৪৭)। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত