বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে বিভিন্ন থানায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও শাজাহান খান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও আইনজীবী মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত। এ ছাড়া গুলশান থানায় একটি হত্যা মামলায় হাসানুল হক ইনুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার দেখান ও রিমান্ড মঞ্জুর করেন। সালমানকে মিরপুর থানার হত্যা মামলায়, পলককে শাহবাগ থানার হত্যা মামলায়, আতিককে বিমানবন্দর থানার হত্যাচেষ্টা ও উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায়, শাজাহানকে হাতিরঝিল থানার হত্যা মামলায়, ইনুকে গুলশান থানার হত্যা মামলায় এবং আইনজীবী মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ইনুকে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি গুলশান জোনাল দলের উপপরিদর্শক আবু জাফর বিশ^াস ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
