আজ ‘মার্চ ফর ইউনিটি’ পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:১২ এএম

ঘোষণাপত্র নয় আজ মঙ্গলবার ‘মার্চ ফর ইউনিটি’ পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল সোমবার রাতে রাজধানীর বাংলামোটরে আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠক শেষে এ কথা জানান আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল।

আরিফ সোহেল বলেন, ‘সরকার নিজে উদ্যোগ নেওয়াকে আমরা সাধুবাদ জানাই। মঙ্গলবার বিকেল ৩টায় আমরা ‘‘মার্চ ফর ইউনিটি’’ কর্মসূচি পালন করব।

তিনি আরও বলেন, ‘হাজারো শহীদ ও আত্মত্যাগের স্বীকৃতি ও গণ আকাঙ্কার দলিল সরূপ জুলাইয়ের ঘোষণাপত্র অত্যাবশ্যক ছিল। এই ঘোষণাপত্রের ঐতিহাসিক দায় গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর বর্তায়। আমরা বাংলাদেশের ছাত্র-জনতার পক্ষে সে দায়িত্ব গ্রহণ করি। আমাদের উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশের আপামর ছাত্র জনতার মধ্যে ইতিবাচক সাড়া সঞ্চারিত হয়েছে। এ অবস্থায় রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র ঘোষণার উদ্যোগ নেওয়া হচ্ছে। ছাত্র-জনতা এই সময় উপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি ঘোষণা করা হলো।’

এ সময় তিনি বাংলাদেশের আপামর ছাত্র-জনতাকে এতে অংশ নেওয়ার আহ্বান জানান।

এর আগে, বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আজ জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, ‘আমরা পূর্ববর্তী যে কর্মসূচি দিয়েছি, আমরা বিপ্লবীরা কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হব। সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র আসবে, কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না। আগামীকাল (মঙ্গলবার) শহীদ মিনারে আহত থেকে শুরু করে শহীদ পরিবার এবং ঢাকা শহরের বাসিন্দারা ৫ আগস্টের মতো অবস্থান নেবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত