এনএসআই পরিচয়দানকারী ছিনতাইকারীদের হামলায় সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান সজিব (৩০) গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর তিনি হামলার শিকার হন।
আহত অবস্থায় প্রথমে নড়াইল সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শহরের শিফাত ও বরকত নামে দু’যুবক মোটর সাইকেল নিয়ে নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় এনএসআই পরিচয় দিয়ে দুই ব্যক্তি শিফাত ও বরকতের কাছে এতো রাতে সেতুর ওপর কি কারণে দাঁড়িয়ে আছে জানতে চায়। এক পর্যায়ে তাদের মোটর সাইকেল থানায় নিয়ে যাবার কথা বলে মোটর সাইকেলের চাবি নেয়ার চেষ্টা করে। এ বিষয়টি নজরে যায় সময় টিভির সাংবাদিক সজিবুর রহমান সজিবের। তিনি এগিয়ে গিয়ে ওই দুই ব্যক্তির পরিচয় জানতে চান। এক পর্যায়ে ওই দুই ব্যক্তিকে তাদের পরিচয়পত্র দেখাতে বললে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
এ সময় এনএসআই পরিচয়দানকারী ওই দুই ছিনতাইকারী তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র বের করে সজিবকে এলোপাথাড়িভাবে কোপাতে থাকে। ছিনতাইকারীদের হামলায় তার হাত, পা ও পেটে গুরুতর জখম হয়। এ সময় সজিবের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শরীফ মো. হাসান ফেরদৌস জানান, সজিবুর রহমানের হাত, পা,ও পেটে গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানান, সজিবের ওপর হামলার ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনার পর পুলিশ হাসপাতালে ছুটে যায়। বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে সাংবাদিক সজিবের ওপর হামলার ঘটনায় নড়াইলের গণমাধ্যমকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একইসাথে সজিবের সুস্থতা কামনা করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি, ফানুস বন্ধে কাজ করবে মোবাইল কোর্ট
বছরের প্রথম দিনই ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়