ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসচাপায় নিহতদের প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিস পাঠানা হয়েছে। গতকাল মঙ্গলবার মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও ব্যাপারী পরিবহনের মালিকের উদ্দেশ্যে এ নোটিস দিয়েছেন আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব।
গত ২৭ ডিসেম্বর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সড়কের ধলেশ^রী টোল প্লাজায় অপেক্ষমাণ যানবাহনকে অতর্কিত আঘাত করে ব্যাপারী পরিবহনের একটি বাস। এতে নারী-শিশুসহ ৬ জন নিহত হন।
নোটিসে বলা হয়, বাস মালিক, চালক, সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং হাইওয়ে পুলিশের চরম অবহেলার কারণেই মর্মান্তিক এ ঘটনায় এসব মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে, ব্যাপারী পরিবহনের বাসটির ফিটনেস সনদ ছিল না। চালকের লাইসেন্সের মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়েছে। এছাড়া চালক স্বীকার করেছেন তিনি ক্যানাবিস নামক মাদক সেবন করতেন। কাজেই এটি স্পষ্ট যে, বাসের ফিটনেস এবং চালকের লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের চরম গাফিলতির কারণে ছয়জন মানুষের মৃত্যু হয়। ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব দেশ রূপান্তরকে বলেন, নোটিসের পরিপ্রেক্ষিতে অগ্রগতি পাঁচ দিনের মধ্যে জানাতে অনুরোধ করেছেন তিনি। ব্যত্যয় হলে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে বলে জানান এই আইনজীবী।
