শিবচরে বিআরবি কেবলের বিক্রয় কেন্দ্রে ডাকাতি

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১২:৩২ এএম

মাদারীপুরের শিবচরে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিক্রয় কেন্দ্রে ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ৩টার দিকে শিবচর পৌরবাজারের থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিক্রয় কেন্দ্রের নৈশপ্রহরী দাদন মিয়া (৫০) ডাকাতদের আক্রমণের শিকার হন। ডাকাতরা তাকে এলোপাতাড়ি মারধর করে গাড়িতে উঠিয়ে নিয়ে গিয়ে মোস্তফাপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই বিক্রয় কেন্দ্রে শাটার কেটে ভেতরে প্রবেশ করে ডাকাত দল। এ সময় তারা মালপত্র ও নগদ অর্থ লুট করে দ্রুত স্থান ত্যাগ করে।

বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্থানীয় ব্যবস্থাপক কৃষ্ণরঞ্জন দাস জানান, এ ডাকাতির ঘটনায় তাদের প্রতিষ্ঠান বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে।  শিবচর থানার ওসি মোক্তার হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত