সুপ্রিম কোর্ট হেল্পলাইনে তিন মাসে হাজারের বেশি কল

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৭:২৬ এএম

গত তিন মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিল সংক্রান্ত বিচারপ্রার্থী বা সেবাগ্রহিতার এক হাজার তিনটি কল এসেছে। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিন মাসে আইনি পরামর্শ সেবা নিতে ৬০৪টি এবং বিভিন্ন মামলার তথ্য জানতে চেয়ে ৩৪৪টি কল আসে। এসব কলের সবগুলো তথ্যই সেবাগ্রহিতাদের তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, বিলম্বে সেবাপ্রাপ্তি, অসদাচরণ ইত্যাদি সম্পর্কিত মোট ৫৫টি অভিযোগ আসে। এর মধ্যে বিলম্বে আইনি সেবা প্রাপ্তি সংক্রান্ত অভিযোগ আসে ২২টি। সব অভিযোগ সম্পর্কিত সেবাগুলো ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে বলে জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন।

এ ছাড়া বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, অসদাচরণ ইত্যাদি সম্পর্কিত ৩৩টি অভিযোগ আসে। এর মধ্যে বিভিন্ন জেলা আদালতের বিচারকের বিরুদ্ধে ১২টি, হাইকোর্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তিনটি, জেলা আদালতের কর্মচারীদের বিরুদ্ধে ১২টি এবং আইনজীবীদের বিরুদ্ধে ছয়টি অভিযোগ আসে। এসব অভিযোগ সম্পর্কে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে গত বছরের ২৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট হেল্প লাইন সেবা চালু করা হয়। বিচারপ্রার্থী বা সেবাগ্রহিতা সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হলে, সেবা গ্রহণ সংক্রান্ত যেকোনো বিষয়ে অসুবিধার মুখোমুখি হলে এ হেল্পলাইনের মাধ্যমে সুপ্রিম কোর্টকে জানাতে পারেন। সেবাগ্রহিতারা +৮৮ ০১৩১৬১৫৪২১৬ এই নম্বরে কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সেবা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসহ সেবা গ্রহণে সম্মুখীন যেকোনো প্রতিবন্ধকতার বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারেন। সরকারি ছুটির দিন ছাড়া প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হেল্পলাইন সার্ভিস চালু থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত