রাজধানীর কাকরাইল মোড়ে যাত্রীবাহী বাসের চাপায় আহত আরিফুল ইসলাম (৪২) নামে এক পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় কর্মরত ছিলেন তিনি।
গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে কাকরাইল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মারা যান তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।
তিনি জানান, বুধবার দুপুরে কাকরাইলে বাসের চাপায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলে ওই পুলিশ সদস্য। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই তিনি মারা যান। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিহত আরিফুলের ভাগিনা মো. ইমন জানান, তাদের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামে। বাবার নাম খলিল মোল্লা। ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন তিনি। বুধবার তিনি নবাবগঞ্জ থেকে ঢাকায় আসেন রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসার জন্য। কাকরাইলে মঞ্জিল পরিবহন থেকে নামার সময় ওই বাসের চাপায় গুরুতর আহত হন। পথচারীরা তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল।
আসছে তীব্র শৈত্যপ্রবাহ, জানাল আবহাওয়া অফিস