বান্দরবান

পাহাড়ে শান্তি রক্ষায় শোভাযাত্রা, পথনাটক ও সমাবে

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১০:২৯ পিএম

পার্বত্য জেলা বান্দরবানে শান্তিশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাসীদের কর্মকাণ্ড বন্ধের দাবি নিয়ে শোভাযাত্রা, পথনাটক ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২ জানুয়ারি) বিকাল ৩টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ‘সম্প্রীতির মিছিলে বান্দরবান’ স্লোগান সামনে রেখে রাজার মাঠ থেকে জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাশাপাশি বাঙালি সম্প্রদায়সহ অনেকেই এতে অংশগ্রহণ করে।

বর্ণাঢ্য শোভাযাত্রাটি বান্দরবান শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান প্রেসক্লাবের সামনে জড়ো হয়। পরে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত পথ নাটকে বান্দরবানের বর্তমান অবস্থা তুলে ধরার পাশাপাশি দুর্গম এলাকাগুলোয় সন্ত্রাসী কর্মকাণ্ড আর এর প্রভাবে পর্যটনে ক্ষতির চিত্রগুলো তুলে ধরেন নাট্যকর্মীরা। এ সময় নাট্যকর্মীরা পাহাড়ে শান্তিশৃঙ্খলা রক্ষায় সকলের সহাবস্থান নিশ্চিত করার প্রতি জোর দেন। 

পরে অনুষ্ঠিত সমাবেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মারমা, ত্রিপুরা, ম্রো, বম, খুমী সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন মসজিদের ইমাম, বৌদ্ধ বিহারের ভিক্ষু এবং ছাত্র সমাজের প্রতিনিধিরা বক্তব্য প্রদান করেন এবং পার্বত্য এলাকার উন্নয়ন অব্যাহত রাখার পাশাপাশি পাহাড় থেকে সকল সন্ত্রাসীদের নির্মূল ও শান্তিশৃঙ্খলা বজায় রেখে উন্নয়নের গতি বৃদ্ধির আহ্বান জানান।

এ সময় বক্তারা বলেন, বান্দরবানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট নামে একটি সশস্ত্র সংগঠন যেভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সেজন্য পর্যটনখাতসহ সকল উন্নয়নখাতে এর বিরূপ প্রভাব পড়ছে। অথচ তাদের সদস্য সংখ্যা তেমন বেশি নয়।

বাংলাদেশ ম্রো স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি তনয়া ম্রো, বান্দরবান হোটেল মোটেল রির্সোট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন, শিক্ষাবিদ ক্যশৈপ্রু খোকা, হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উনিহ্লা মারমা, বম সোশ্যাল কাউন্সিলরের সভাপতি লাল মুন থাং বমসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত