কুমিল্লা

যুবদলের সভা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১০:৩৫ পিএম

কুমিল্লার মনোহরগঞ্জে যুবদলের সভাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে মনোহরগঞ্জ সরকারি কলেজ অডিটরিয়ামে আবুল কালাম সমর্থিত যুবদলের নেতাকর্মীদের সভায় যোগ দিতে আসেন কুমিল্লা জেলা যুবদলের নেতারা। সভা শুরু হলে বিএনপি নেতা কর্নেল (অব.) আজিম সমর্থিত নেতাকর্মীরা শোডাউন করে মিছিল বের করে। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় বিক্ষুব্ধরা ৪টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সংঘর্ষ শুরু হলে সভাস্থলে কুমিল্লা থেকে আসা নেতাকর্মীরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সভাস্থল ত্যাগ করেন নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আলম বাচ্চুর মুঠো ফোনে একাধিকবার কল দিও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ সুলতানা খোকন বলেন, তারেক রহমানের নিদর্শনা অনুযায়ী যুবদলের সাংগঠনিক সম্পাদক প্রোগ্রাম করতেছি। এমন সময় কিছু মুখোশধারী লোক এসে আমাদের প্রোগ্রামে হামলার চেষ্টা করে। 

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবদলের একটি সভাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত