খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নগরীর শিববাড়ীর মোড়ে জিয়া হলের সামনে এ হামলা চালানো হয়। এতে ছাত্রীসহ আটজন আহত হয়েছেন। এর মধ্যে দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তে ভর্তি করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, নগরীর শিববাড়ীর মোড়ে জিয়া হলের ভেতর থেকে আমরা বাইকে বের হচ্ছিলাম। এ সময় এক দল দুর্বৃত্ত অতর্কিত ইট-পাটকেল ও ছুরি দিয়ে হামলায় চালায়। এতে নাজমুল, খালিদ, সাম্মী, সাদিয়া, দিয়া, রুমি, আমিসহ আটজন আহত হয়েছি। আমাদের রক্ষা করতে নারীরা এগিয়ে এলে ওদের ওপরেও হামলা চালানো হয়।
তিনি অভিযোগ করে বলেন, খুলনার মতো শহরে প্রতিদিন গুলির ঘটনা ঘটছে। দিনকে দিন প্রশাসনের গাফিলতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এগুলো নিয়ে আমরা হতাশ। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি না হয় আমরা পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের পদত্যাগ চাইব। আমরা আশা করব তাদের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামার আগে তারা নিজেরাই পদত্যাগ করবেন।
সরকারি ব্রজলাল (বিএল) কলেজের শিক্ষার্থী রুমি রহমান বলেন, আমরা ওখানে নিজেদের মধ্যে একটি বিষয়ে আলোচনা করছিলাম। মেয়েরা সাইডে ছিল। বাপ্পিসহ কেউ কেউ বাইকে আসছিল। এ সময় ১৬-১৭ জনের একটি দল এসে অতর্কিত হামলা চালায়। তখন আমরা ছেলেদের রক্ষার চেষ্টা করি। তখন মেয়েদের ওপর নির্লজ্জভাবে হামলা করা হয়। এতে সাদিয়া ও দিয়া গুরুতর আহত হন।
