গণ-অভ্যুত্থান-সংক্রান্ত বিশেষ সেল গঠন করেছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে গঠিত এই সেল জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ ও আহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্তকরণ, আহত ব্যক্তিদের চিকিৎসা এবং তাদের পরিবারকে সহায়তা দেবে।
গতকাল বৃহস্পতিবার গণ-অভ্যুত্থান-সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগের ২৭/১০/২০২৪ অফিস আদেশ অনুসারে এই সেল গঠন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তক্রমে গণ-অভ্যুত্থান-সংক্রান্ত বিশেষ সেলের কার্যপরিধির আওতায় বিশেষ সেল জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে গৌরবোজ্জ্বল ইতিহাস সংগ্রহ ও সংরক্ষণের লক্ষ্যে গণ-অভ্যুত্থানের ছবি, ভিডিও ফুটেজ, বক্তব্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত নিবন্ধ, রিপোর্ট সংগ্রহ করছে।
বিজ্ঞপ্তিতে সর্বস্তরের জনসাধারণের কাছ থেকে গণ-অভ্যুত্থানকালে গত বছরের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনাবলির ধারণকৃত স্থিরচিত্র, ভিডিও ফুটেজ আহ্বান করা হয়েছে। জনসাধারণের কাছে সংগৃহীত/সংরক্ষিত গণ-অভ্যুত্থানকালে ধারণকৃত এসব স্থিরচিত্র, ভিডিও ফুটেজ, ডকুমেন্টারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাদি আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে গণ-অভ্যুত্থান-সংক্রান্ত বিশেষ সেলের গুগল ড্রাইভে আপলোড করার জন্য অনুরোধ করা হলো।
এ ছাড়া এসব তথ্য (স্থিরচিত্র, ভিডিও ফুটেজ ও ডকুমেন্টারি) নির্দিষ্ট সময়ের মধ্যে গণ-অভ্যুত্থান-সংক্রান্ত বিশেষ সেলের কার্যালয়ে (দ্বিতীয়তলা, ভবন নম্বর-২, বিএসএল অফিস কমপ্লেক্স, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ১ মিন্টু রোড, ঢাকা-১০০০) পেনড্রাইভ যোগে অথবা সরাসরি হস্তান্তর করা যাবে বলেও গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
