রোহিতকে ছাড়া দুইশ ছুঁতে পারল না ভারত!

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১২:৫৪ পিএম

টানা ফর্মহীনতার কারণে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। আবার কিছু ভারতীয় গণমাধ্যমের দাবি, রোহিতকে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনা যাই ঘটুক, ভারতের পারফর্মেন্সে কোনো পরিবর্তন আসেনি। সিডনি টেস্টের প্রথম দিনে ৭২.২ ওভারে মাত্র ১৮৫ রানে থেমেছে তাদের প্রথম ইনিংস।

শুক্রবার টস জিতে ব্যাটিংয়ে নেমে অজি পেসারদের তোপের মুখে পড়ে ভারত। ভয়ংকর হয়ে ওঠেন স্কট বোল্যান্ড, মিচেল স্টার্কেরা। শেষদিকে প্যাট কামিন্সও আগুন ঝরিয়েছেন। দলীয় ১১ রানে বোল্যান্ডের বলে লোকেশ রাহুলকে (৪) দিয়ে ভারতের বিপর্যয়ের শুরু। আরেক ওপেনার যশস্বী জয়সোয়ালও ৪ রানের বেশি করতে পারেননি। রোহিতের জায়গায় সুযোগ পাওয়া শুবমান গিল করেন ২০ রান।

নিজের মুখোমুখি হওয়া প্রথম বলে ক্যাচ দিয়েও জীবন পাওয়া বিরাট কোহলি ১৭ রানে বোল্যান্ডের শিকার হন। হতে পারে এটাই তার শেষ টেস্ট। সমালোচকদের নিশানায় থাকা রিশাভ পান্ত স্বাভাববিরুদ্ধ ধীরলয়ের ব্যাটিংয়ে দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন। এছাড়া আর কোনে ব্যাটার ত্রিশের ঘরেও যেতে পারেননি! দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন রবীন্দ্র জাদেজা।

অস্ট্রেলিয়ার হয়ে ২০ ওভারে ৮ মেডেনসহ মাত্র ৩১ রানে ৪ উইকেট নিয়েছেন স্কট বোল্যান্ড। মিচেল স্টার্ক নিয়েছেন ৪৯ রানে ৩টি আর অধিনায়ক প্যাট কামিন্সের শিকার ৩৭ রানে ২ উইকেট।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত