নতুন রোহিঙ্গাদের ফেরত, অনুপ্রবেশ বন্ধ ও দ্রুত প্রত্যাবাসনের দাবি

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১১:১৩ পিএম

নতুন করে আসা রোহিঙ্গাদের ফেরত, অনুপ্রবেশ বন্ধ ও ক্যাম্পের বাইরে অবাধ বিচরণ রোধ, দ্রুত প্রত্যাবাসনসহ ৭ দফা দাবিতে কক্সবাজারের উখিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে উখিয়া উপজেলার পালংখালী স্টেশনে ‘অধিকার বাস্তবায়ন কমিটি-পালংখালী’ এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। আয়োজনকারী সংগঠন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ স্থানীয় কয়েক শত মানুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনকারীদের দাবিগুলো হল— ১. আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত মায়ানমারে প্রত্যাবাসন করতে হবে। ২. রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সীমান্তে কঠিন নিরাপত্তা বলয় জোরদার করতে হবে। ৩. অবৈধভাবে ২০২৪ সালে অনুপ্রবেশ করা লক্ষাধিক রোহিঙ্গাদেরকে এফডিএমএন তালিকায় অন্তর্ভুক্ত না করে (বায়োমেট্রিক) তাদেরকে পুশব্যাকের জন্য কার্যকর কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। ৪. স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৫. চাকরিসহ ক্যাম্প ব্যবস্থাপনায় স্থানীয়দের প্রাধান্য (নূন্যতম ৫০%) নিশ্চিত করতে হবে। ৬. কাঁটাতারের বাহিরে রোহিঙ্গাদের অবাধ বিচরণ বন্ধ করতে হবে এবং ক্যাম্পের বাহিরে রোহিঙ্গাদের বাসাভাড়া বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। ৭. ক্যাম্পের চাকরির নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে আরআরআরসি প্রশাসন, জেলা প্রশাসন ও স্থানীয় প্রতিনিধির সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন করতে হবে।

মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী বলেন, রোহিঙ্গাদের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন। চুরি-ডাকাতি, অপহরণ বাণিজ্য এবং খুন-খারাবিসহ নানা অপরাধের মাত্রা বেড়েই চলছে। প্রায় ৮ বছর হতে চললেও একজন রোহিঙ্গাকেও তাদের দেশে ফেরত পাঠানো যায়নি। উল্টো গত কয়েক মাসে আরাকানে অভ্যন্তরীণ যুদ্ধ পরিস্থিতির কারণে আরও লাখের কাছাকাছি নতুন রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে উখিয়া ও টেকনাফসহ স্থানীয়দের জীবনযাত্রার পাশাপাশি নিরাপত্তা আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।

সীমান্তে বিজিবিসহ সংশ্লিষ্টদের কঠোর নজরদারি অব্যাহত না থাকলে সাধারণ রোহিঙ্গাসহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সদস্যদের অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে প্রকৌশলী রবিউল হোসেন বলেন, আগামী এক মাসের মধ্যে স্থানীয়দের উত্থাপিত ৭ দফা দাবি বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। আর দাবি বাস্তবায়ন না হলে সড়ক অবরোধসহ নানা কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এম. মোক্তার আহমদ, জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রেজাউল করিম, শ্রমিক নেতা মোহাম্মদ শাহজাহান, শিক্ষক মোক্তার আহমদ ও স্থানীয় জামায়াত ইসলামী নেতা আব্দুর জব্বারসহ শ্রেণি-পেশার মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত