হবিগঞ্জে শিল্পদূষণ বন্ধে পথসভা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১২:১১ এএম

হবিগঞ্জে শিল্পবর্জ্য দূষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও পথসভা করেছে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও খোয়াই রিভার ওয়াটারকিপার। গতকাল শুক্রবার ধরা’র সদস্য সচিব শরীফ জামিলের নেতৃত্বে মাধবপুর উপজেলার সাতপাড়িয়া এলাকা পরিদর্শন শেষে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় পরিবেশকর্মীরা শিল্পদূষণ বন্ধের আহ্বান জানান।

পরিদর্শনকালে প্রতিনিধিদল সাতপাড়িয়া এলাকার গ্রামগুলোতে দূষণের ভয়াবহ চিত্র দেখতে পান। স্থানীয় মানুষের বর্ণনায় দূষিত পানির সংস্পর্শে এসে গবাদি পশুর মৃত্যু এবং ফসলের মাঠে ফসল না হওয়ার কষ্টের বিষয়টি অনুধাবন করা যায়। পরিদর্শনে জানা যায়, এই খালের দূষণ প্রাথমিকভাবে সরাসরি চারটি গ্রামে ব্যাপক মানবিক বিপর্যয় ডেকে এনেছে। এই দূষণ বলভদ্র নদী হয়ে মেঘনা নদী পর্যন্ত বিস্তৃত হয়েছে।

ধরা’র সদস্য সচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বলেন, ‘অবিলম্বে শিল্পদূষণ বন্ধ করতে হবে।’ এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, লেখক তাহমিনা বেগম গিনি, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, পরিবেশকর্মী আব্দুল কাইয়ূম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত