বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রখ্যাত শ্রমিক নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি শহীদুল্লাহ চৌধুরী আর নেই। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীসহ বাম-প্রগতিশীলদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আজ শনিবার বেলা ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।
পারিবারিক সূত্র জানায়, তিনি বেশ কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থ শরীর নিয়ে তিনি ২০২০ সাল থেকে পাটকল শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্বে ছিলেন দীর্ঘদিন। সোভিয়েত ইউনিয়নের বিপর্যয়ের পর ১৯৯৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত হয় সিপিবির বিশেষ জাতীয় সম্মেলন (বিশেষ কংগ্রেস)। এই কংগ্রেসে শহীদুল্লাহ চৌধুরীকে সভাপতি ও মুজাহিদুল ইসলাম সেলিমকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। ১৯৯৯ সাল পর্যন্ত শহীদুল্লাহ চৌধুরী সভাপতির পদে বহাল ছিলেন।
এর আগে ১৯৬৪ সালে লতিফ বাওয়ানী জুট মিলে সাধারণ শ্রমিক হিসেবে যোগ দেন শহীদুল্লাহ চৌধুরী। এরপর অর্ধশতকের বেশি সময় ধরে শ্রমিক আন্দোলনে যুক্ত ছিলেন তিনি। দেশের প্রতিটি গণআন্দোলনে শ্রমিক-জনতার নেতা হিসেবে ভূমিকা রেখেছেন।
