২১ বিশ্ববিদ্যালয় নিয়ে হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৭:৩৯ এএম

দেশের ২১টি বিশ্ববিদ্যালয় নিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সভা করে ভর্তি পরীক্ষার তারিখসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।

গত ১ জানুয়ারি ২১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একাধিক উপাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

সভা সূত্রে জানা গেছে, জগন্নাথ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি এবং খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় থাকছে না।

এই তিনটি বিশ্ববিদ্যালয় ছাড়া কুমিল্লা, কুষ্টিয়ার ইসলামী, দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বাকি ২১টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার মধ্যেই থাকছে। তবে এজন্য দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজন করা এবং একাধিকবার মাইগ্রেশন বন্ধের বিষয়ে কঠোর হতে বলা হয়েছে।

গুচ্ছে থাকার বিষয়ে জানতে চাইলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘শিক্ষা উপদেষ্টার অনুরোধের কারণে আমরা (কুবি) এবারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব। তবে একাধিকবার মাইগ্রেশন বন্ধ, দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করা এবং একাধিক বিশ্ববিদ্যালয়ে ফি দেওয়া বন্ধ করতে হবে।

এটি না হলে আগামীতে যত অনুরোধই করা হোক না কেন আমরা আর গুচ্ছে থাকব না।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ‘২১ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুব অল্প সময়ের ব্যবধানে সভা করে ভর্তি পরীক্ষার তারিখ, পরীক্ষা পদ্ধতি এবং অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত