দলের পরাজয়ে সেঞ্চুরি: মাহমুদউল্লাহকে মনে করালেন থিসারা পেরেরা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১১:২৮ এএম

দলের হার নিশ্চিত হয়ে গেছে, এদিকে সেঞ্চুরি হাঁকাচ্ছেন পরাজিত দলের একজন- এর চেয়ে বিব্রতকর দৃশ্য কী-ই বা হতে পারে? গতকাল ঢাকা ক্যাপিটালস বনাম খুলনা টাইগার্স ম্যাচে দেখা গেছে এমন দৃশ্য। দলের পরাজয় নিশ্চিত হওয়ার পর ইনিংসের শেষ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। সেই সেঞ্চুরির পর তার উদযাপন মনে করিয়ে দিচ্ছে মাহমুদউল্লাহকে।

গত ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ম্যাচটির কথা মনে করুন। প্রোটিয়াদের দেওয়া ৩৮৩ রানের টার্গেট তাড়ায় বাংলাদেশ তখন ধুঁকছে। ১৫৯ রানে নেই ৮ উইকেট! দলের পরাজয় নিশ্চিত হয়ে গেছে। তখন উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদ, যিনি হাজারো সমালোচনা সয়ে দল থেকে বাদ পড়ার পর কপালগুণে বিশ্বকাপে সুযোগ পেয়েছেন। নিজের সামর্থ্য প্রমাণে তিনি মরিয়া ছিলেন। তাই দলের কথা ভাবেননি।

৪৫তম ওভারে কাগিসো রাবাদার বলে সিঙ্গেল নিয়ে তিন অংক স্পর্শ করেন মাহমুদউল্লাহ। তারপর যে উদযাপনটা তিনি করলেন, সেটা সবাইকে হতবাক করেছে। দলের পরাজয়ের চেয়েও বড় হয়ে উঠেছিল মাহমুদউল্লাহর সেঞ্চুরি। গতকাল বিপিএলে সেটাই যেন দেখালেন থিসারা পেরেরা। শেষ ওভারে তাদের দরকার ছিল ৩৭ রানের। ওই ওভারে দুই চার এক ছক্কায় ইনিংসের শেষ বলে সেঞ্চুরি পূরণ করেন থিসারা।

সেঞ্চুরি পূরণের পর থিসারার উদযাপন, হাসি-ঠাট্টা দেখে মনে হচ্ছিল দলের পরাজয়ের চেয়ে তার কাছে নিজের সেঞ্চুরিটাই গুরুত্বপূর্ণ। তবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করে পরাজিত দলে থাকাটা খুব একট সুখকর অভিজ্ঞতা নয়। গতকাল দিনের প্রথম ম্যাচেও সেঞ্চুরি হয়েছে। চিটাগং কিংসের উসমান খান হাঁকিয়েছেন মৌসুমের প্রথম সেঞ্চুরি। তার দলও জিতেছে বিশাল ব্যবধানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত