সিডনি টেস্টে খেলছেন না রোহিত শর্মা। অধিনায়ক নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে এটিকে তার টেস্ট ক্যারিয়ারের শেষ হিসেবে দেখছেন যারা, তাদের উদ্দেশ্যে ভারতীয় অধিনায়কের স্পষ্ট বার্তা—এটি কোনো অবসর নয়।
সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রির মতো সাবেকরা যদিও রোহিতের টেস্ট ক্যারিয়ারের শেষ দেখছেন, তবে রোহিত স্পষ্ট করেছেন যে জুন-জুলাইয়ে ইংল্যান্ড সফরে খেলার জন্য প্রস্তুত তিনি।
স্টার স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'লোকে মাইক্রোফোন, ল্যাপটপ বা কলম নিয়ে অনেক কিছু বলবে। কিন্তু আমার জীবনের সিদ্ধান্ত আমি নেব। আমি দুই সন্তানের বাবা, জীবনে কখন কী করতে হবে, সেটা বুঝি। এই সিদ্ধান্ত কেবল দলের প্রয়োজন মেটাতেই।'
আলাপচারিতায় রোহিত বললেন, 'এটা কোনো অবসর নয় কিংবা এমন নয় যে খেলা থেকে সরে যাচ্ছি। এই ম্যাচ থেকে সরে গেছি, কারণ ব্যাটে রান আসছে না। তবে পাঁচ মাস পর বা দুই মাস পর রান আসবে না, এই নিশ্চয়তা তো নেই! আমি যথেষ্ট আত্মবিশ্বাসী যে পরিস্থিতি বদলাতে পারে।'
টানা ব্যর্থতায় রান পাচ্ছেন না রোহিত। তিন টেস্ট মিলিয়ে করেছেন মাত্র ৩১ রান। তবে দলের প্রয়োজন মেটাতে নিজের জায়গা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে নিঃস্বার্থ বলে অভিহিত করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাসপ্রিত বুমরা।
রোহিতও জানালেন, 'আমার ব্যাটে রান হচ্ছে না। ফর্ম নেই। ফর্মহীন ক্রিকেটার দলে বেশি বয়ে নিতে পারি না আমরা। তবে এই সিদ্ধান্ত কোনো চাপ থেকে নেওয়া নয়। আমি জানি, লোকে অনেক কিছু বলে। তবে এত বছর ধরে খেলছি যে, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি।'
বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখতে হলে সিডনিতে জিততেই হবে ভারতকে। তবে রোহিতের এই সরে দাঁড়ানো দলকে কতোটা প্রভাবিত করে, সেটিই এখন দেখার বিষয়।
জেতার নেশায় এখনো মগ্ন রোনালদো সাক্ষাতকারে বললেন, ‘ইনশাআল্লাহ’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল পাচ্ছেন লিওনেল মেসি
বাংলাদেশি হামজাকে দলে চায় শেফিল্ড ইউনাইটেড