নতুন করে চক্রান্ত শুরু হয়েছে: মির্জা ফখরুল

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৯:২৬ পিএম

দেশে নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই ষড়যন্ত্র ও চক্রান্তের সামনে আমরা মাথা নত করব না। সবখানে বৈষম্য হয়েছে, দুর্নীতি হয়েছে। বৈষম্য ও দুর্নীতি দূর করে জনগণের একটি সরকার যেন প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠ চত্বরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, গত ১৫ বছরে বিগত সরকার দেশের অর্থনীতি, রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। অসংখ্য ছাত্রকে হত্যা করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারা কয়েক হাজার ছাত্র-ছাত্রীকে হত্যা করেছে। ছাত্র ও জনগণের আন্দোলনের ফলে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

১৯৭৫ সালের আগে আওয়ামী লীগের শাসনব্যবস্থা নিয়ে মহাসচিব বলেন, '৭৫ সালের আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তারা ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতি ও লুটপাট করেছে। বাকশাল করে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। সেই সঙ্গে শিক্ষার মান উন্নয়নে কাজ করেছেন।

মির্জা ফখরুল বলেন, ছাত্রদলকে সবসময় জ্ঞানভিত্তিক চর্চা ও জ্ঞানভিত্তিক রাজনীতি করতে হবে। বিগত বছরগুলোতে ছাত্রদল নেতারা অনেক ত্যাগ-তিতিক্ষা সহ্য করেছে। মামলা-মোকদ্দমার শিকার হয়েছে। এখন আল্লাহর রহমতে আমরা ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি। এখন সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশকে নতুন করে গোড়ে তোলার এবং আজকের এ ছাত্ররাই তা পারবে আমি বিশ্বাস করি।

সভায় জেলা ছাত্রদলের সভাপতি কায়েসের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলটির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত