শহিদুল্লাহ চৌধুরীকে শ্রদ্ধা নিবেদন শেষে ডেমরায় দাফন

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:২০ এএম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও বর্তমান উপেদেষ্টাম-লীর সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রখ্যাত শ্রমিক নেতা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ চৌধুরীকে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল শনিবার বাদ জোহর জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে রাজধানীর ডেমরার কামারগোপ কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো জন্য। এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন সিপিবির ভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং সিপিবির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দীন আহম্মেদ, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) পক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষে আবুল কালাম আজাদসহ স্কপ নেতারা, আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে সকাল ৮টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কার্যালয়ের সামনের অস্থায়ী বেদিতে কমরেড শহিদুল্লাহ চৌধুরীর মরদেহে পার্টির নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

গত শুক্রবার রাজধানীর ডেমরার নিজ বাসভবনে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, চার ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত