সৌদি নাগরিকদের বেতন বেড়েছে ৪৫ শতাংশ, বেকারত্বের হার ৩.৩

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৬:১২ পিএম

বেসরকারি খাতে ২০২৪ সালে সৌদি আরবের নাগরিকদের মজুরি বেড়েছে ৪৫ শতাংশ। এছাড়া দেশটির ইতিহাসে বেকারত্বের হার সর্বনিম্ন ৩.৩ শতাংশে পৌঁছেছে। ‘ভিশন ২০৩০’ লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য এ অগ্রগতির কথা জানিয়েছে সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। খবর গালফ নিউজ।

এছাড়া ‘ভিশন ২০৩০’ লক্ষ্যমাত্রায় শ্রমবাজারের নারীদের অংশগ্রহণের প্রভাব তুলে ধরে মন্ত্রণালয়। এক বিবৃতিতে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে মধ্য ও জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পদের ৪৩ শতাংশই নারী। মজুরি বৃদ্ধি ও কর্মশক্তিতে নারীদের অংশগ্রহণ উত্পাদনশীলতা বাড়াতে সহায়তা করে। 

২০২৪ সালে বেসরকারি খাতে ২৪ লাখ সৌদি নাগরিক কর্মসংস্থান করেছে। তাদের মধ্যে নতুন প্রবেশকারীর সংখ্যা ৩ লাখ ৬১ হাজার, যা মোট নাগরিক কর্মসংস্থানের ৫০.৫ শতাংশ।

এর ফলে দেশটির ইতিহাসে বেকারত্বের হার সর্বনিম্ন ৩.৩ শতাংশে পৌঁছেছে, যা সৌদি আরবকে জি-২০ দেশগুলোর মধ্যে পঞ্চম স্থানে রেখেছে।  

তবে এ সফলতার অংশীদার হিসেবে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ওয়াদ ও জাদারাতকে কৃতিত্ব দিয়েছে। ওয়াদ একটি জাতীয় প্রশিক্ষণ প্রচারাভিযান, যা ১.৩ মিলিয়ন নাগরিককে প্রশিক্ষণের সুযোগ প্রদান করে এবং ইউনিফাইড জাতীয় কর্মসংস্থান প্ল্যাটফর্ম (জাদারাত) প্রতিদিন গড়ে ৭০০টি নতুন পোস্টিংয়ে মোট ২ লাখ ১০ হাজারেরও বেশি চাকরির ব্যবস্থা করে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত