রাজশাহীর বাঘায় স্কুল কমিটির সভাপতি পদ নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। রবিবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বাউসা ইউনিয়নের আড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলা আড়পাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হওয়ার জন্য চেষ্টা করছেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ গ্রুপের প্রভাষক ওয়ালিউর রহমান বিকুল ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল গ্রুপের বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আনোয়ার হোসেন পলাশ। এ নিয়ে উভয়ের মধ্যে চাপা উত্তেজনা চলছিল।এরই জের ধরে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে আড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতরা হলেন- তেথুলিয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে জাফর হোসেন (৪০), আড়পাড়া গ্রামের গাজিউর রহমানের ছেলে বাবু হোসেন (৩৮), মানিক হোসেনের ছেলে রোহান হোসেন (২৩), মুনসাদ আলীর ছেলে মানিক হোসেন (৪৫), মকবুল হোসেনের ছেলে লিখন হোসেন (২২), হেদাতিপাড়া গ্রামের তফের আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮), আবুল হোসেনের ছেলে এনামুল হক (৩৬), মাঝপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রানা হোসেন (১৮)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে রফিকুল ইসলাম ও মানিক হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় সভাপতি প্রার্থী প্রভাষক আনোয়ার হোসেন পলাশ ও প্রভাষক ওয়ালিউর রহমান বিকুল একে অপরকে দোষারোপ করছেন।
এদিকে আড়পাড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আজিবর রহমান বলেন, ‘উভয়ের বাড়ি আড়পাড়া গ্রামে। তারা দুজন একই দল করেন। তারা শিক্ষকতা করেন দুই প্রতিষ্ঠানে। তারা সভাপতি পদের জন্য আমার কাছে আবেদন করেছেন। যাছাই করে যাকে দিয়ে প্রতিষ্ঠান ভালোভাবে পরিচালিত হবে তাকে সভাপতি নির্বাচন করা হবে। এর আগে তারা মারামারি করল। এখন আমার কী করার আছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফম আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।
শরীয়তপুরে যুবদল নেতার বিরুদ্ধে বিচারককে হুমকির অভিযোগ
খালেদা জিয়ার বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা
সেই আবেদ আলীর ব্যাংক হিসাবে সোয়া ৪১ কোটি টাকার লেনদেন